প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

কামরুল সিফাতউল্লাহ (চট্টগ্রাম)
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. আশিকুর রহমান আশিক (৩০)।
রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি ওয়ারী বিভাগ জানায়, রোববার (২ নভেম্বর) সকালে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানযোগে ফেনসিডিল নিয়ে কুমিল্লা হতে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে।
পরবর্তীতে দুপুর ২টায় আগত কাভার্ড ভ্যানটি উক্ত স্থানে পৌঁছালে গাড়ি থামানোর সিগন্যাল দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আশিককে গ্রেফতার ও কাভার্ড ভ্যানের পেছনের পাল্লা খুলে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট